1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

পাঁচ জেলায় আ. লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় আতঙ্কে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা জানাতে পারেনি পুলিশ।

পটুয়াখালীতে গতকাল রাত ১০টা থেকে আজ সকাল ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও নিক্ষেপ করা হয় পেট্রলবোমা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় আওয়ামী লীগের জেলা সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ভবনের দুটি তলার কয়েকটি কক্ষের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরও কাজী আলমগীরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। সেই থেকে বাড়িটি তালাবদ্ধ ছিল।
কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগের পর একই এলাকার বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশের জন্য দরজা ভাঙার চেষ্টা করেন।

পরে দরজা ভাঙতে ব্যর্থ হয়ে তাঁরা চলে যান।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠ–সংলগ্ন বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে ওই ভবনের ৮ ভাড়াটে রাতেই অন্যত্র আশ্রয় নেন। আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের পুরান বাজার এলাকায় গতকাল রাত ২টার দিকে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাড়িও ভাঙচুর করা হয়। এসময় বাসার ভেতরে থাকা গোলাম সরোয়ারের স্ত্রী লুৎফুরনেছা দেড় বছরের সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আজ বেলা ১১টার দিকে তাঁর বাসাসংলগ্ন একটি খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গতকাল রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের কাঠের সামগ্রী, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তাঁর বাড়ি সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শিয়ালি গ্রামে।

এ ছাড়া গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ অধিকারী বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে কতগুলো ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি বলে তিনি জানান।

এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল রাতে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত আবদুস ছাত্তার এবং আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া থানা রোডে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, উপজেলা পরিষদের সামনে মার্কেট ভাঙচুরের স্থান পরিদর্শন করা হয়েছে। কারা ভেঙেছে কেউ বলতে পারছে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা দুটি ভবন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস।

মাহতাব চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও ভাঙচুর করেছেন একদল লোক।

ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন এলাকায় আসে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা এসেই মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাস নামের একটি ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।

চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, খবর শুনে থানা থেকে একটি দল পাঠানো হয়। সেখানে গিয়ে কিছু কাচের টুকরা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে আজ ভোর চারটার দিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রহিম উল্লাহর দোতলা বাড়ির কয়েকটি কক্ষ এবং বাড়ির সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে আগুন জ্বলছে। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে নারী ও পুরুষের চিৎকারের শব্দ শোনা যায়।

বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ভোররাতে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী অজ্ঞাতনামা ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা ভাঙচুর চালান। এক পর্যায়ে হামলাকারীরা বাড়ির মূল্যবান কিছু মালামাল লুট করে নিয়ে যান। পরে তাঁরা পেট্রল ঢেলে বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ঘরে থাকা খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। পিকআপের সামনের অংশও পুড়ে যায়। তবে ঘর থেকে মালামাল লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহীর বাঘায় আজ বেলা ১১টার দিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শাহরিয়ার আলমের বাড়িটি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ‘তিনটি মোটরসাইকেলে এসে চারজন লোক বাড়ির প্রাচীরের ওপর দিয়ে ভেতরে ঢুকে আগুন লাগায় আর দুজন বাইরে দাঁড়িয়েছিল। তাদের আমি বলি, “তোমরা আগুন লাগাচ্ছ, আশেপাশের বাড়িতে যদি আগুন লাগে?” তখন তারা বলে, বেশি না, অল্প আগুন ধরাব। কোনো ক্ষতি হবে না। এরপর লোকজন জড় হতে দেখে ওরা পালিয়ে যায়। তাদের হাতে পিস্তল ছিল। কোনো ফায়ার–টায়ার করেনি।’

বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল বলেন, বেলা ১১টার দিকে তিনি এদিক দিয়ে যাওয়ার সময় দেখেন বাসার নিচে হালকা আগুন জ্বলছে। তিনি লোকজন ডেকে আগুন নেভানোর ব্যবস্থা করেন। পুলিশ এসে দেখেও গেছে। তিনি দাবি করেন, বিএনপির কোনো লোক এ কাজ করেননি। আওয়ামী লীগের লোকেরা করেছেন। তাঁরাই নাশকতা করছেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘যে ছয়জন লোক তিনটি মোটরসাইকেলে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের হাতে পিস্তল ছিল। তিনি দাবি করেন, বাঘা থানায় চারটি পিস্তলের লাইসেন্স আছে। তার মধ্যে তাঁদের তিন ভাইয়ের তিনটি আছে। আরেকটি আরেকজন লোকের আছে। এই পিস্তলধারী লোকজন অবশ্য বিএনপির নয়। শাহরিয়ার রাজনৈতিক মহলে নিজেকে বড় করার জন্য নিজেই “সাজানো নাটক” করেছেন।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, বাড়ির নিচে সামান্য একটু আগুন লাগানো হয়েছে। বাড়ির গেটেও লাগেনি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh