1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় নাহিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। একের পর এক চোটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়া এই পেসার অবশেষে ফিরতে চলেছেন।

অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। তবে পুরোপুরি ম্যাচ খেলার উপযোগী হতে এখনো কিছুটা সময় প্রয়োজন।

তাই সিরিজে তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার দেশে ফিরে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন নাহিদ।

অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার অনুমতি পেয়েছেন তিনি। বর্তমানে পূর্ণ শক্তিতে বোলিংও করছেন এই পেসার।
তবে দেশে ফেরার পর ম্যাচ খেলার প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ায় পূর্ণ গতিতে বোলিং শুরু করলেও এখনো ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি নাহিদ। বোলিংয়ের কাজের চাপ (ওয়ার্কলোড) নির্ধারিত পর্যায়ে নিতে নভেম্বরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।

নিজের ফিটনেস নিয়ে অবশ্য আশাবাদী নাহিদ। তিনি বলেন, ‘আমি বোলিং করেছি এবং খুব ভালো অবস্থানে আছি। ফিটনেসের দিক থেকে সবকিছু ঠিক আছে। তাই পূর্ণ শক্তিতে বোলিংও করতে পারছি। দক্ষিণ আফ্রিকা যাব কি না, সেটি মেডিকেল বিভাগ ও নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।’

শুধু ওয়ানডে নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নাহিদকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার আগেই জানিয়েছিলেন, তাড়াহুড়ো করে এই পেসারকে মাঠে ফেরাতে চায় না বিসিবি। আগামী এক-দুই দিনের মধ্যেই নাহিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নাহিদের চোটের শুরু গত জুলাইয়ে, জিম্বাবুয়ে সফরে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্রেড-টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। এর আগে শিনের হাড়ে স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যাতেও ভুগছিলেন এই পেসার। দুই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতির সময় পুনর্বাসনপ্রক্রিয়ায় নতুন করে কোমর ও নিতম্বের আশপাশে অস্বস্তি দেখা দেয়। পরে গ্লুটের চোটও ভোগায় তাকে। শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় উন্নত চিকিৎসা ও মূল্যায়নের জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিবি।

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি নাহিদ। এরপর কাঁধের ল্যাব্রাম টিয়ারের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান তিনি। একই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও খেলতে পারছেন না এই গতিময় পেসার।

গত ১৬ অক্টোবর শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ার পার্থে যান নাহিদ। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন ও শক্তি বৃদ্ধির কাজ করেন তিনি। শুরুতে তার সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছিল বিসিবি। তবে পুনর্বাসন শেষে বোলিংয়ে ফিরতে পারা বাংলাদেশ দলের জন্য নতুন আশার খবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর বাফেলো পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। দীর্ঘ বিরতির পর নাহিদের ফেরার সম্ভাবনা বাংলাদেশের পেস আক্রমণের জন্য স্বস্তির খবর। তবে তার প্রত্যাবর্তনে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh