1. admin@dailyjanaterdesh.com : admin :
  2. mdkamrul.hasan2@icioud.com : Kamrul Hasan : Kamrul Hasan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ধর্ষণ, সহিংসতা ও ১০ হাজার রোহিঙ্গা হত্যা করেছে মিয়ানমার: আইসিজে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক জনতার দেশ ডেস্ক :মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

এসব কর্মকাণ্ডের মধ্যে গণহত্যার উদ্দেশ্যও (জেনোসাইডাল ইনটেন্ট) ছিল বলে আদালত তার রায়ে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করে।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায় পাঠের সময় প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার বিষয়গুলো তুলে ধরেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শুধু বেসামরিক মানুষকে হত্যা করেনি, রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন সহিংসতাও চালিয়েছে। শিশুদের ওপরও চরম সহিংসতা চালানো হয়েছে।

প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময় অনেক রোহিঙ্গাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাকে গণহত্যার অংশ হিসেবে তুলে ধরে গাম্বিয়া।

অন্যদিকে, মিয়ানমার দাবি করে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ চৌকিতে হামলার জবাবে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। দেশটির বক্তব্য ছিল, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছে।

তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স।

 (জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
All rights reserved © 2015 daily Janater Desh