দৈনিক জনতার দেশ ডেস্ক :চলচ্চিত্র ও সংগীতজগতের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব চিত্রনায়িকা শবনম ও সংগীতশিল্পী রুনা লায়লা। এবার একই মঞ্চে আজীবন সম্মাননা পেলেন তারা।
প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের নামে আয়োজিত সম্মাননায় ভূষিত হলেন তারা। বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননা পেয়েছেন এই দুই গুণী শিল্পী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সুরগম সাউন্ড স্টেশন।
সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আয়োজনে শবনম ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। উপমহাদেশের চলচ্চিত্র ও সংগীতজগতে তাদের দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শবনম ও রুনা লায়লা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান, গীতিকার মুনশি ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারবাদক ওস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পের পথিকৃৎ জরিনা আসগর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, তবলাবাদক সীমা, শাহ মোহাম্মদ হান্নান ও প্রবাসী বাংলাদেশি চিকিৎসক খালেদ ভূঁইয়া।
বশির আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনার মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় শিল্পীরা তার কালজয়ী কয়েকটি গান পরিবেশন করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন